
ফেনী প্রতিনিধি:
ফেনীতে আমদানিকৃত ফল, ডাব, ডিম, ভোজ্যতেল ও সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে দুইটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে ফেনী শহরের এসএসকে রোড, ট্রাংক রোড ও ফেনী বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে ফল বিক্রি এবং ক্রয়ের পাকা ভাউচার প্রদর্শন করতে না পারায় কাইয়ুম ফল বিতানকে ৪ হাজার টাকা এবং বিসমিল্লাহ ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের মোট জরিমানার পরিমাণ ৭ হাজার টাকা।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে কি না, সরবরাহ ও মজুদ পরিস্থিতি এবং পণ্যের মূল্য পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।