
বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের মাইক্রোবাস আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িটিতে ভাঙচুর চালানোরও অভিযোগ করেছেন বরের স্বজনরা।
রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তারা গাড়িতে ভাঙচুর চালান। পরে নববধূ তামান্না আক্তারকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
বরের পরিবারের অভিযোগ, চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ওই যুবকেরা নববধূকে তুলে নিয়ে যান। এ ঘটনায় পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মিয়াদ নামের ওই যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নববধূকে তুলে নেওয়ার পেছনে প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।