
নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি) ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে এ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি এবং দৈনিক বিপ্লবী জনতার সম্পাদক ও প্রকাশক মো. গোলাম ফারুক মজনু। প্রধান অতিথি ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম ইউনুস, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং এসএসপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সামছুল আলম নিক্সন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএসপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সংগঠনের মুখপত্র মাসিক ‘গণমাধ্যম’-এর সম্পাদক এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জালাল উদ্দিন জুয়েল।
সভাপতির বক্তব্যে মো. গোলাম ফারুক মজনু বলেন, ‘সম্মিলিত সাংবাদিক পরিষদের আট বছরের পথচলা শুধু একটি সংগঠনের সময় অতিক্রমের ইতিহাস নয়, এটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত ঐক্য প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রামের প্রতিচ্ছবি। দেশের তৃণমূল সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও ঝুঁকির মধ্যেও সত্য ও মানুষের অধিকারের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানো এবং কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই আমাদের প্রধান অঙ্গীকার। সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করে স্বাধীন, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা প্রতিষ্ঠায় এসএসপি ভবিষ্যতেও সাহসী ভূমিকা পালন করবে।’ তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা শ্রম, মেধা ও সহযোগিতা দিয়ে এসএসপিকে এগিয়ে নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনটির আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি শাহ আলম শাহী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার খান এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদ্যাপন কমিটির সদস্যসচিব এবং এসএসপির কেন্দ্রীয় সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আর কে রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক নিপা আক্তার। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকরা নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও ঝুঁকির মধ্যেও সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশ করছেন। তাঁদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সার্বিক কল্যাণে সম্মিলিত সাংবাদিক পরিষদকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং সারা দেশের সংবাদ কর্মীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত অতিথি, সাংবাদিক ও দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনটির আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা, ঐক্য ও দৃঢ় প্রত্যয়ের বার্তা উঠে আসে।